বাংলাদেশের মানুষের মুখ থেকে সিগারেট কেড়ে নিচ্ছে ইউনুস সরকার
আসল কথা বাংলাদেশের ইউনুস সরকার প্রতিষ্ঠার পরে দ্রব্যমূল্য প্রায় আকাশ ছোঁয়া। বিভিন্ন দ্রব্যের উপরে সরকার ইতিমধ্যে বসিয়েছে নতুন ভ্যাট। আর তাতেই দেখা যাচ্ছে, সিগারেটের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া, একই সঙ্গে বাড়ছে বেকারের সংখ্যাও।
আর এর মধ্যেই শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে ইউনূস সরকার (Bangladesh)। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসেই হঠাত করেই এহেন সিদ্ধান্ত। আর তাতে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পণ্যের দাম বেড়ে গিয়েছে। হোটেলে খাওয়ার খরচ থেকে সাধারণ পোশাক কেনার খরচও বেড়ে গিয়েছে এক ধাক্কায় অনেকটাই। আর প্রচুর দাম বেড়েছে তামাক-জাত দ্রব্যের। নয়া কর চাপানোর ফলে সিগারেটের দামও বেড়ে গিয়েছে অনেকটাই। ইতিমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, নিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে।
এছাড়া মধ্যমস্তরে ৭০ টাকা থেকে ৮০ টাকা ও সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। উচ্চস্তরে ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা (বাংলাদেশের মুদ্রায়) এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অতি উচ্চস্তরের সিগারেটের দাম ১৬০ টাকা থেকে ১৮৫ টাকা (বাংলাদেশের মুদ্রায়) এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৭ শতাংশ। প্রসঙ্গত, লাইম স্টোন ও ডলোমাইটে ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক বসানো হয়েছে বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। মাথায় হাত ধূমপায়ীদের। ক্ষোভে ফুঁসছে তারা।

