পোস্টমাস্টারের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ এর অভিযোগ
নিউজ ডেস্ক :- শাসন থানার অন্তর্গত কাঁচকল মোড়ের বৈদ্য পাড়া পোস্ট অফিসের পোস্টমাস্টারের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ এর অভিযোগ। প্রতিবাদে টাকি রোড অবরোধ গ্রাহকদের।
পোস্ট অফিসে ভরসা করে টাকা রেখেছিলেন এলাকার মানুষ। কিন্তু সম্প্রতি তারা জানতে পেরেন তাদের অ্যাকাউন্টে টাকা নেই। সবটাই উধাও,এরপর বারেবারে পোস্ট অফিসে গিয়েও কাজ না হওয়ায় শনিবার পোস্টমাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন প্রতারিতরা। এদিন দুপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শাসন থানা এলাকায়। প্রতিবাদে পথ অবরোধ করেন এলাকার মানুষ। পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাসন থানার বৈদ্যপাড়া পোস্ট অফিসে খেটে খাওয়া মানুষরা নিজেদের উপার্জনের টাকা রেখেছিলেন। দীর্ঘদিন ধরে তারা পোস্টমাস্টারের কাছে গিয়ে টাকা জমা দেন। পোস্ট অফিসের তরফ থেকে রিসিভ কপিও দেওয়া হয়। তবে সেটি কম্পিউটার প্রিন্ট ছিল না। কিন্তু এলাকার মানুষ পোস্টমাস্টার চন্দন চৌধুরীকে ভরসা করে কিছু বলেননি। কিন্তু সেই বিশ্বাসের সুযোগকে কাজে লাগিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে পলাতক চন্দন। স্থানীয়দের অভিযোগ, মাসখানেক ধরে তারা টাকা তুলতে এসে জানতে পারেন কোন টাকাই নেই। উল্টে অ্যাকাউন্টে টাকা রাখতে বলছেন পোস্টমাস্টার। কিন্তু, তার আগে কেউ ৫০ হাজার কেউ ৩০ হাজার কেউ আবার এক লক্ষ টাকা করে পোস্ট অফিসের অ্যাকাউন্টে রেখেছিলেন। কিন্তু এখন দেখছে অ্যাকাউন্ট ফাঁকা। সবকিছু নিয়েই কার্যত উধাও হয়ে গিয়েছেন পোস্টামাস্টার চন্দন চৌধুরী। প্রতারিতরা চন্দনের বাড়িতে একাধিকবার গেলেও মেলেনি সুরাহা। কেননা, চন্দন এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।
প্রতিবাদে টাকা ফেরতের দাবিতে এদিন টাকি অবরোধ করেন এলাকার মানুষ। পরে পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়। প্রতারিতদের দাবি, লক্ষ লক্ষ টাকা যেভাবে গায়েব করে নিয়েছে চন্দন তা বরদাস্ত করবো না। দ্রুত টাকা ফেরত দিতে হবে। পাশাপাশিকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গ্রাহকরা। পাশাপাশি এই ঘটনায় পোস্ট অফিসের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

