ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে শুভেন্দু ও শমীকের পরে এবার শঙ্করের ক্ষোভ
নিউজ ডেস্ক :- ইডি ও সিবিআইয়ের ১৮ মাসে বছর – একথা সাকলেই বলেন। এবার তা বলা শুরু করেছে বিজেপির নেতৃত্ব। আগেই সুর চড়িয়েছিলেন শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর মতো নেতারা। এবার একই পথে শঙ্কর ঘোষ। প্রশ্ন তুলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে। এর আগে কিন্তু প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সাফ বলেছিলেন, “ইডি-র আধিকারিকেরা অসম্পূর্ণ রিপোর্ট জমা দিয়েছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাঁদের আরও সিরিয়াস হওয়া উচিত।” প্রায় একই সুরে কথা বলেছেন বিজেপির রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, “ওদের তদন্তে আমরা সন্তুষ্ট নই। দীর্ঘদিন ধরে এই তদন্ত চলছে। তদন্তের দীর্ঘসূত্রিতায় পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত। আমরাও বিরক্ত উত্তর দিতে দিতে। দ্রুত এই তদন্ত শেষ করা উচিত।”
এবার সেই কথাই বললেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। তিনি শনিবার বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ ইডি-সিবিআইকে আরও তৎপর দেখতে চায়। যতক্ষণ না এটা সন্তুষ্টির জায়গায় পৌঁছাচ্ছে ততক্ষণ এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় বলেই মনে করছি।” যদিও এর উত্তর দিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, “রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তদন্ত হচ্ছে, নিরপেক্ষতার চালচুলো নেই। শুধু বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক ন্যারেটিভ তৈরির চেষ্টা চলেছে।”

