প্রবল বন্যায় আসানসোলে তিন জনের মৃত্যু
নিউজ ডেস্ক :- টানা ৩/৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বন্যা ভয়াবহ আকার নিয়েছে বর্ধমান ও আসানসোলের একাধিক জায়গায়। বিশেষ করে নদী সংলগ্ন অঞ্চলগুলোর অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানান, আসানসোলেই মৃত্যু হয়েছে তিন জনের। মৃত্যু হয়েছে চঞ্চল বিশ্বাস, রোহিত রায়, এবং ইসিএল কর্মী গৌরাঙ্গ রায়ের। এরইমধ্যে গাড়ুই নদীতে ভেসে যাওয়া চারচাকার খোঁজ মিলেছে শনিবার সকালে। সেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় চালক চঞ্চল বিশ্বাসের (৫৯) দেহ। প্রাক্তন সেনা কর্মী চঞ্চল বাবু বর্তমানে একটি সরকারি সংস্থায় কাজ করছিলেন বলে জানা যাচ্ছে। এছাড়াও আরও দু’টি ঘটনায় দু’জনের মৃত্যুর খবর মিলেছে।
এর মধ্যে আসানসোল দক্ষিণ থানার রাহালেনের গৌরাঙ্গ রায় নামে এক খনি কর্মী রয়েছেন। অন্যজন রোহিত রায়। তাঁর বাড়ি আসানসোল উত্তর থানার রেলপারের ডিপোপাড়ার কেএস রোডে। সূত্রের খবর, শুক্রবার বৃষ্টি মাথায় নিয়েই বাইক নিয়ে কোলিয়ারিতে যাচ্ছিলেন গৌরাঙ্গবাবু। কালিপাহাড়ি রেল ব্রিজে ঘটে দুর্ঘটনা। জলের তোড়ে মোটরবাইক নিয়ে ভেসে যান তিনি। তারপর থেকেই চলছিল খোঁজ। অন্যদিকে দুর্যোগের কবলে পড়েছিলেন কেএস রোডের রোহিত রায়ও। সুকান্ত পল্লীতে গাড়ুই নদীর উপরে একটি অস্থায়ী সেতু পার করে আসার চেষ্টা করছিলেন তিনি। তখনই পা পিছলে নদীতে তলিয়ে গিয়েছিলেন তিনি।পরে তার মৃতদেহ উদ্ধার হয়।

