SSC প্রকাশিত দাগি তালিকায় তৃনমূল ঘনিষ্ঠদের ছড়াছড়ি! তালিকায় তৃনমূল কাউন্সিলর থেকে বিধায়কের পুত্রবধূ
মনিপুষ্পক খাঁ, নিউজডেস্ক : – শনিবার সুপ্রিম নির্দেশ মেনেই ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তাতে নাম রয়েছে ১৮০৬ জন। পরে অবশ্য আরো কিছু নাম যুক্ত করেছে এস এস সি।
এই অযোগ্য তালিকা প্রকাশ হতেই বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। অযোগ্য শিক্ষকদের তালিকায় রয়েছেন তৃনমূলের প্রাক্তন মন্ত্রীর কন্যা থেকে শুরু করে খোদ কাউন্সিলর, জেলে যাওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ যাদের রাজনৈতিক পরিচয় আবার তৃণমূল !
এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে সামনে এসেছে একের পর এক শাসকদলের নেতা ঘনিষ্ঠদের তালিকা। যাতে রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠের নামও। এসএসসি-র প্রকাশিত অযোগ্যদের তালিকায় দেখা যাচ্ছে, নির্মলের পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে। সংশ্লিষ্ট তালিকার ১২৬৯ নম্বরে রয়েছে তাঁর নাম। জানা যাচ্ছে, বিধায়কের পুত্রবধূ নৈহাটির একটি স্কুলে চাকরি করেন। এছাড়া রয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ সামসুদ্দিন আহমেদের নাম। এই সামসুদ্দিনের স্ত্রী আবার জেলা পরিষদ সদস্য।
এছাড়াও প্রকাশিত ‘টেন্টেড’ তালিকায় নাম রয়েছে বারাসত-১ ব্লক তৃণমূল সভাপতি তথা বারাসত-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ইশা হক সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লাহর। তালিকায় রয়েছেন রাজপুর-সোনারপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর কুহেলি ঘোষের নাম। তালিকায় নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তবে তিনি এই তালিকা প্রকাশের আগে থেকেই নিয়োগ মামলায় জর্জরিত। দাগি তালিকায় জ্বলজ্বল করছে তৃণমূল নেতা বিভাস মালিক ও স্ত্রী সন্তোষির নাম । স্বামী-স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিভাস। তালিকাই বিভাসের নাম রয়েছে ৩১৬ নম্বরে। চাকরি যাওয়ার আগে পর্যন্ত তিনি কর্মরত ছিলেন তারকেশ্বরের একটি বিদ্যালয়ে। হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্গা মণ্ডলের নামও রয়েছে দাগিদের তালিকায়।

