বিজেপি ছেড়ে তৃণমূলে পার্নো মিত্র, রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা
স্বর্ণালী হালদার, কলকাতা :— রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পার্নো মিত্র। শুক্রবার কলকাতায় তৃণমূল ভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা ও বিধায়করা।
দলবদলের পর পার্নো মিত্র জানান, বিজেপিতে থেকে তিনি মানুষের জন্য কাজ করার সুযোগ পাচ্ছিলেন না। তাঁর অভিযোগ, বিজেপি সাধারণ মানুষের সমস্যা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এবং রাজ্যে বিভাজনের রাজনীতি করছে। সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পার্নো মিত্র বলেন, “তৃণমূল কংগ্রেস মানুষের দল। এখানে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার সুযোগ আছে। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ আমাকে অনুপ্রাণিত করেছে।” পাশাপাশি তিনি আশাবাদী, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে আরও সক্রিয়ভাবে জনসংযোগমূলক কাজে যুক্ত থাকবেন।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে পার্নো মিত্র নিজের রাজনৈতিক স্বার্থই দেখছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই দলবদল রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
পার্নো মিত্রের তৃণমূলে যোগদান যে রাজ্যের রাজনৈতিক অঙ্কে নতুন মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য।

