অনির্বাণের ‘মেলার গানে’ তিন ঘোষের চর্চা,হাততালির ঝড় উঠল হল জুড়ে
পূজিতা দে, নিউজ ডেস্ক : রবিবার মিলন মেলা প্রাঙ্গণে অনির্বাণ ভট্টাচার্যর ব্যান্ডের গানে তোলপাড় গোটা নেট দুনিয়া। মঞ্চে একসঙ্গে নানা রাজনৈতিক প্রসঙ্গে ‘ তিন ঘোষ ‘ কে একসাথে গানের মাধ্যমে খোঁচা অনির্বাণ – দেবরাজের।
সদ্য মুক্তি পাওয়া ‘হুলি গান ইজম’ ব্যান্ডের ‘মেলার গান ‘- এ মজেছে গোটা রাজ্য। এদিন বিশ্ব বাংলা প্রাঙ্গণ থেকে নিজেদের গানের মাধ্যমে পলিটিক্যাল স্যাটায়ার বা প্যারোডি কাপিয়ে দিল গোটা মেলা প্রাঙ্গণ। কোনোটায় তিনি দলবদলু বলছেন কুণাল ঘোষকে আবার গরুর দুধে সোনার খোঁজ নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষকে। সব শেষে দামী গাড়ি কেনার প্রসঙ্গ টেনে নিয়ে মঞ্চ থেকে নিয়ে খোঁচা শতরুপ ঘোষকে।
গানে গানে শুধু তিন ঘোষকেই নয় বর্তমান রাজ্য রাজনীতির টাটকা ইস্যু নিয়ে অর্থাৎ SIR থেকে শুরু করে AI এর ব্যবহার নিয়ে কার্যত খারাপ দিকগুলি তুলে ধরা হয়েছে মঞ্চে। এমনকি গানের মাধ্যমে ‘ পশ্চিমবঙ্গে সিপিএম কেন এখনও শূন্য ‘ এই প্রশ্ন করতেও দেখা গেছে অনির্বাণকে।ঝড়ের গতিতে ভাইরাল হয় পুরো ভিডিও গোটা সমাজ মাধ্যমে। আর এই নিয়ে শুরু হয় নানা বিতর্ক।
তবে এই প্যারোডি ভাইরাল হওয়ার পর কুণাল ঘোষ নিজে ভিডিওটি শেয়ার করে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন,”অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর নতুন ব্যান্ড ‘হুলি-গান-ইজম’ এর গানের অংশ। আমার মজা লেগেছে, ভালো লেগেছে। গানের ধরণ, উপস্থাপনাও উপভোগ করলাম। একটু তির্যক? তাতে কী!! কুণাল ঘোষ এসব মজা নিতে জানে। ভালো থেকো অনির্বাণ।”
অন্যদিকে ক্ষেপে লাল বাম সমর্থকরা। সমাজমাধ্যমে একেরপর এক তির্যক মন্তব্য অনির্বাণের দিকে ছুঁড়ে দিতে দেখা গেছে।আরজিকর-কাণ্ডের সময় টলিউডের প্রায় সকলেই পথে নেমেছিলেন তবে অনির্বাণ নামেননি। আরজি কর প্রসঙ্গকে হাতিয়ার করে চলল দেদার কাদা ছোড়াছুড়ি।
একাধিক রাজনৈতিক প্রসঙ্গ ছাড়াও তৃণমূল – বিজেপি – সিপিএম এই তিন দলের প্রতিনিধিদের নিয়ে প্যারোডি থাকলেও শুধু খারাপ মন্তব্য কেন বাম সমর্থকরাই করছে এই নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন শাসক দল সমর্থকের একাংশ।
তবে কি গানে ‘ এখনও কেন সিপিএম রাজ্যে শূন্য ‘ এই লাইনের জন্যই এত কটাক্ষ করা হচ্ছে অনির্বাণ সহ গোটা হুলি-গান-ইজম দলকে? প্রশ্ন থেকেই যাচ্ছে।তবে রাজনীতি আর ব্যঙ্গ–বিদ্রুপকে এভাবে মিশিয়ে যে একটি নির্ভেজাল বিনোদন তৈরি করা যায়, তার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় এই গানটাই।

