উত্তরাখণ্ডে ফের ভয়াবহ বিপর্যয়, পাহাড় বেয়ে নেমে এলো রাক্ষুসে ঢেউ !
মনিপুষ্পক খাঁ, নিউজডেস্ক : – মেঘভাঙা বৃষ্টিতে ফের বড় বিপর্যয় নেমে এল ‘দেবভূমি’ উত্তরাখণ্ডে। আচমকাই পাহাড় বেয়ে নেমে এলো রাক্ষুসে ঢেউ ! জলের নীচে চলে গেলো বহু বাড়ি, নির্মাণ, হোটেল। মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে উত্তরাখণ্ডের ক্ষীরগঙ্গা নদী সংলগ্ন এলাকায়। সব মিলিয়ে প্রায় ৫০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে।
সামাজিক মাধ্যমগুলি থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, পাহাড়ের গা বেয়ে ছুটে চলা ছোট্ট পাহাড়ি নদী একেবারে ফুলে ফেঁপে রাক্ষুসে আকার ধারণ করেছে। হড়পা বানে দ্রুত গতিতে ছুটে আসছে ঘোলাটে জলরাশি। সটান বসতি এলাকায় পর পর বাড়িকে গিলে নিচ্ছে সেই রাক্ষুসে ঢেউ ! দূর থেকে ওই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকেই সেই ভিডিও দেখেই সিউড়ে উঠছেন আট থেকে আশি।
জানা গেছে মঙ্গলবার উত্তরাখণ্ডের,ক্ষীরগঙ্গা নদী সংলগ্ন উত্তরকাশীর তরলি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন – উদ্ধারকার্য শুরু হয়েছে। ত্রাণের ব্যবস্থা করে রাখা হয়েছে আগে থেকে।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘ধারালিতে মেঘভাঙা বৃষ্টির জেরে যে বিপর্যয় নেমে এসেছে, তা অত্যন্ত দুঃখজনক এবং পীড়াদায়ক। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন এবং একাধিক টিম উদ্ধারকার্যে নেমেছে।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রয়েছে আমার, পরিস্থিতির দিকে নজর রাখছি। সকলে যাতে নিরাপদ থাকেন, প্রার্থনা করছি ঈশ্বরের কাছে’। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ক্ষীরগঙ্গা জলাধারের কাছে মেঘভাঙা বৃষ্টির জেরেই বিপর্যয় নেমে এসেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধারালি গ্রামের, গঙ্গোত্রী যাওয়ার পথে এই ধারালি গ্রামে থাকতে হয়।
নদীর জলস্তরও বিপদসীমার উপর দিয়ে বইছিল। গ্রামের বাড়িঘর, দোকান সব ভেসে গিয়েছে। একাধিক হোটেল এবং হোমস্টে-র কোনও অস্তিত্ব আর নেই। আবহবিদরা জানিয়েছেন, ১০ অগাস্ট পর্যন্ত উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলবে।

