রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যানের তাণ্ডব, প্রাণ গেল দুই বাইক আরোহীর
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি—
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে পরপর দু’টি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। একটি নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যানের ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিও ছিলেন। ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ও শোকের আবহ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বটতলা দিক থেকে আসা একটি চারচাকার পিকআপ ভ্যান শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকায় একটি বাইককে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় বাইক চালক মলিন রায় (১৮)–কে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এর কিছুক্ষণের মধ্যেই একই পিকআপ ভ্যান পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের বাগডোগরা অফিস মোড় এলাকায় আরও এক বাইক আরোহী উত্তম রায় (৩৭)–কে ধাক্কা দেয়। তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ রক্ষা করা যায়নি। উত্তম রায় পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন।
দুটি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানটিকে নালায় ফেলে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় এক ঘণ্টা পথ অবরোধ চলে। খবর পেয়ে রাজগঞ্জ থানা ও বেলাকোবা পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকা শান্ত, তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

