রাজ্য সরকার দেশ বিরোধী, সেনার অপমান মানবো না বিধানসভা থেকে বললেন শুভেন্দু, হলেন সাসপেন্ড!
মনিপুষ্পক খাঁ, নিউজ ডেস্ক : – গতকাল নিজেদের জায়গায় থাকা তৃনমূলের মঞ্চ সময় পেরিয়ে যাওয়ার
পরই খুলে দিয়েছিলো ভারতীয় সেনা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের। মঙ্গলবার সকালে সেই সেনাবাহিনীর গাড়ি আটক করলো কোলকাতা পুলিশ। সম্মুখ সমরে চলে এলো পুলিশ – সেনা । পুলিশের অভিযোগ সেনার গাড়িটি বেপরোয়া ভাবে যাচ্ছিল , গাড়িটির পেছনেই ছিল কোলকাতা পুলিশ কমিশনারের গাড়ি অল্পের জন্য রক্ষা পায় সেই গাড়ি ! ঘটনাস্থলেই আটকে রাখা হয় সেনাবাহিনীর গাড়িটিকে, পরে হেয়ার স্ট্রিট থানায় আলোচনায় বসে পুলিশ ও সেনাবাহিনীর কর্তারা।
এই আবহে ফের বিধানসভায় সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্তা নিয়ে মঙ্গলবার রাজ্য বিধানসভায় আলোচনার সময় মন্ত্রী ব্রাত্য বসু বক্তব্য রাখছিলেন । তখনই আচমকা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা । শুভেন্দু অধিকারীর দাবি, মন্ত্রী ভারতীয় সেনার অপমান করেছেন । এর বিরুদ্ধে হইচই শুরু করেন বিরোধী দলনেতা ও অন্যান্য বিজেপি বিধায়করা । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ সত্ত্বেও পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করে । এই অবস্থায় শুভেন্দুকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার ।
বিরোধী দলনেতা সাসপেন্ড হতেই বিজেপি পরিষদীয় দল বিধানসভা থেকে বেরিয়ে গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে । আর এই অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে গিয়ে দাবি করেন – “প্রথমবার মুসলিম মহিলাদের জন্য সরব হতে গিয়ে সাসপেন্ড হতে হয়েছিল । আজ ভারতীয় সেনার অপমানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে সাসপেন্ড হতে হল । এই রাজ্য সরকার দেশ বিরোধী । আমি গর্বিত ভারতীয় সেনার সম্মানরক্ষা করার জন্য আমাকে সাসপেন্ড হতে হয়েছে ।”
এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কেও আক্রমণ করেছেন বিরোধী দলনেতা ৷ তাঁর দাবি, ব্রাত্য বসুর ভারত বিরোধী বক্তব্য বাদ দেওয়ার দাবি তুলেছিলেন তিনি । কিন্তু তা না-করে উলটে মন্ত্রী অরূপ বিশ্বাসের প্ররোচনায় তাঁকে সাসপেন্ড করা হল । অধ্যক্ষ শাসকদলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেন শুভেন্দু ।

