আবহাওয়া আপডেট:- একদিকে স্বস্তি যে দক্ষিণবঙ্গের আকাশের ঘনভূত নিম্নচাপ সরে গেছে। তাই বলে বৃষ্টি থেকে এখনই রেহাই মিলছে না। পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । সোমবার সপ্তাহের শুরুর দিনেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ,সোমবার কলকাতা সহ নিকটবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। মূলত, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের আকাশের আবার ভালোভাবে মেঘের সঞ্চার ঘটেছে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন। বিশেষ করে সোমবার থেকে উত্তরবঙ্গের উপরের ৫টি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।আবহাওয়া দফতর জানিয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা।

