ট্রাক্টর এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনার বলি তিন বছরের শিশু কন্যা, গুরুতর আহত ১, ব্যাপক উত্তেজনায় এলাকায়
বিশ্বজিৎ মন্ডল মালদা :- মর্মান্তিক পথ দুর্ঘটনা। ট্রাক্টরের চাকা পিষে দিল তিন বছরের এক শিশু কন্যাকে। ঘটনায় গুরুতর আহত শিশুটির মামা। শোকস্তব্ধ পরিবারবর্গ। ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাংনদীয়া গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় মৃত শিশু কন্যার নাম সুহানা খাতুন(৩)। গুরুতর আহত সুহানা খাতুনের মামা দিলখোশ আলী(১৯)। বাড়ি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গাংনদীয়া গ্রামে। মামার মোটর বাইকে করে ছোট্ট ভাগ্নি গাংনদীয়া বাজার থেকে বাড়ির অভিমুখে ফিরছিল। অপরদিকে ডারল থেকে তুলসীহাটার অভিমুখে বেপরোয়া গতিতে ছুটে আসছিল একটি ট্রাক্টর। মোটর বাইকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায় ছোট্ট সুহানা। সংঘর্ষের ফলে দিলখোশ আলীর হাত এবং পা ভেঙে গেছে। তাকে উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরবর্তীতে তড়িঘরি স্থানান্তরিত করা হয় পূর্ণিয়াতে। সুহানার মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার ফলে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। রাস্তার অবস্থা এবং ট্রাক্টরের বেপরোয়া গতিকেই দায়ী করেছে স্থানীয়রা। রাস্তার দুই ধারে মাটি দিয়ে সমান করার কথা স্থানীয়রা বারবার বললেও করা হয়নি। এই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।

