দিনহাটায় নৃশংস খুন – বাংলা জুড়ে রক্তের খেলা
এই মুহূর্তে বাংলা মানেই যেন খুনের রাজত্ব। মালদা, রিষড়ার পরে কোচবিহারের দিনহাটা। সারা বাংলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সমাজ বিরোধীরা। বুধবার রাতে কোচবিহারের দিনহাটায় দু’জনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ির বালাডাঙা এলাকায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম ইউসুফ আলি ও হাসানুর রহমান। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সমস্যা হচ্ছে, এই ঘটনাকে শাসক দল আবার হয়তো ‘বিচ্ছন্ন ঘটনা’ বলে উড়িয়ে দেবে। আর বাংলার মাটি আবার রক্তে ভিজবে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই দু’জনই নানা সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল। কিছুদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে ওই দুইজনকে। বছর আটান্নর ইউসুফ ও বছর পঁয়ত্রিশের হাসানুরের বাড়ি আটিয়াবাড়ি গ্রামে। ওই দু’জন একই জায়গায় আহত হয়ে পড়েছিলেন। কে বা কারা তাঁদের কোপাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃতদের পরিজনরা এই নিয়ে কিছু বলতে পারছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজোর আগেই দু’জনে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। এদিন দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন।

