শিক্ষকের শাসন, মাস্টার মশাই কে শায়েস্তা করতে হাতে বন্দুক নিয়ে স্কুলে হাজির তৃণমূল নেতার ছেলে
মনিপুষ্পক খাঁ : – রাজ্য যে বোমা ও অস্ত্রের স্তুপে দাঁড়িয়ে আছে সে ছবি বারংবার দেখতে পাই আমরা। তা নিয়ে চলে শাসক – বিরোধী তরজা , তবে নজিরবিহীন ভাবে সেই অপসংস্কৃতির দৃশ্য এবার প্রবেশ করলো শিক্ষার আঙিনায়। স্কুলে শিক্ষকের বকাবকি,শাসন এরপরই স্কুলের শিক্ষককে শায়েস্তা করতে হাতে বন্দুক নিয়ে স্কুলে তৃণমূল নেতার ছেলে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপীবল্লবপুর দুই ব্লকের অন্তর্গত চোরচিতা চোরেশ্বর হাইস্কুলে। ঘটনায় কীর্তিবান ছাত্রের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইতিহাস বিভাগের শিক্ষক।
জানা গেছে, সোমবার দুপুরে ইতিহাস ক্লাসে বদমাইশি করার জেরে শিক্ষক ওই দশম সেই ছাত্রটিকে বকাবকি করেন এর পরেই স্কুলে পিস্তল নিয়ে তাণ্ডব চালালো এক দশম শ্রেণীর ছাত্র। সহপাঠীরা বাধা দেওয়ায় অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক। সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র নীলাঞ্জন দোলাই স্থানীয় তৃণমূল নেতা কেষ্ট দোলাইয়ের ছেলে।
এর আগেও বিদ্যালয়ে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে নীলাঞ্জনের বিরুদ্ধে। ছাত্রীদের উদ্দেশে কটূক্তি, অশালীন মন্তব্য, এমনকি স্কুলের সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো ঘটনায় নাম জড়িয়েছে এই ছাত্রের। তবে সোমবার ঘটনাটি ঘটে ইতিহাস ক্লাসে।
শিক্ষক পরিমল অট্ট ক্লাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করলে নীলাঞ্জন বারবার সহপাঠীদের বিরক্ত করতে থাকে। শেষমেশ শিক্ষক তাকে শাসন করতে গালে চড় মারেন। এরপরই উত্তেজিত হয়ে ছাত্রটি প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে যায়। কিন্তু প্রধান শিক্ষক বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ নীলাঞ্জন হুমকি দেয় বাবাকে ( তৃনমূল নেতা ) কে স্কুলে ডেকে আনার।
বাবার নাম করে হুমকি দেওয়ার পরই ব্যাগ নিয়ে স্কুল ছাড়ে সে। প্রায় আধঘণ্টা পর, টিফিনের সময় এমএম পিস্তল, ছুরি এবং পাঞ্চ জাতীয় অস্ত্র নিয়ে স্কুল ক্যাম্পাসে ফিরে আসে ওই ছাত্র। এরপরেই সিনেমার মতো ইতিহাস শিক্ষককে দেখে সরাসরি তাঁকে তাড়া করে ছাত্র ।সহপাঠীরা বাধা দিলে স্কুল থেকে মাত্র দেড় মিনিট দূরত্বে ওই শিক্ষকের ভাড়া বাড়িতে হামলার চেষ্টা করে সে। জানা গিয়েছে, বাড়ির দোতলায় শিক্ষক পরিমল আট্টের স্ত্রী ও তৃতীয় শ্রেণীর পড়ুয়া কন্যা উপস্থিত ছিলেন। তাদের দিকে এগিয়ে যেতেই স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা অভিযুক্তকে ধরে ফেলে।
ঘটনার পর ইতিহাস শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ছাত্রকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে পেশ করা হয় ঝাড়গ্রাম জেলা আদালতে।

